ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। গতকাল দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টে শামা ওবায়েদ লেখেন, ‘প্রিয় নগরকান্দা ও সালথাবাসী আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এ বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়।’
‘কৃষক, শ্রমিক, দিনমজুর, ছোট ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এ বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের।’ তিনি লেখেন, ‘আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দলমতনির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব-ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞ সব নেতা-কর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক এবং নিরপেক্ষ ভোটারদের প্রতি, যারা শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’