চট্টগ্রামের একটি গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন তিনজন সংসদ সদস্য। তিনজনই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আবার এই তিনজনের মধ্যে যেকোনো দুজনের মন্ত্রী হওয়ারও সম্ভাবনা রয়েছে। তিনজনের দুজন বাবার আসন থেকে এমপি হয়েছেন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে জয়ী হওয়া এই তিন এমপির বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। পৃথক তিনটি আসনে এ গ্রামের তিন বাসিন্দার বিজয়ে গ্রামটিতে চলছে ঈদের আমেজ।
জানা গেছে, তিন বিজয়ী এমপিরা হলেন চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিজয়ী হয়েছেন তাঁরই ভাতিজা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের ছেলে।
এদিকে বিজয়ী তিন এমপির মধ্যে মন্ত্রিসভার সদস্য হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে অক্সফোর্ড পড়ুয়া সাঈদ আল নোমান। তিনি চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাও। মন্ত্রিসভায় জায়গার সম্ভাবনা রয়েছে হুমাম কাদের চৌধুরীরও। তবে সবকিছু নির্ভর করছে দলীয় প্রধান তারেক রহমানের ওপর।