নির্বাচনের ফলাফল পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক কোয়ালিশন। একই সঙ্গে এসব সহিংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দাবিও জানানো হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশের অনেক স্থানে নির্বাচনে পরাজিত প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এমন শতাধিক ঘটনার সংবাদ জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র দিয়ে জানানো হয়, সহিংস এসব ঘটনায় একজন নিহতসহ ৪২টি হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত আশঙ্কাজনক। মুন্সিগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় পরাজিত প্রার্থীর একজন সমর্থকের (জসিম উদ্দীন) ওপর গত ১৩ ফেব্রুয়ারি আক্রমণ করা হলে তিনি মৃত্যুবরণ করেন।
বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ রকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয় সব রাজনৈতিক দলের নেতাদের কাছে এমন আবেদন জানিয়েছে নাগরিক কোয়ালিশন।