চাঁদপুর-৩ আসনে বিজয়ী বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় নিজের দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন। শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে মডেল থানায় হেফাজতে নেওয়া হয়। আটকদের মধ্যে আছেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন ব্যাপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশ যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, নির্বাচন চলাকালীন চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় ঘটনার সূত্রপাত ঘটে এবং ১৩ ফেব্রুয়ারি দেশি অস্ত্র নিয়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ জড়িতদের শনাক্ত করেন।
এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় তাৎক্ষণিক ওই পদক্ষেপ গ্রহণ করায় সমাজমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ ফরিদ আহমেদ মানিক।