আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। গতকাল রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন হামলায় গুরুতর আহত এনসিপি ও ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের দেখতে সেখানে যান আসিফ মাহমুদ।
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন-পরবর্তী সারা দেশে এনসিপি ও জোটের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চলছে। তাঁর ভাষ্য, এনসিপি যে ৩০টি আসনে নির্বাচন করেছে এবং যেখানে দলীয় কর্মীরা জোটপ্রার্থীদের পক্ষে কাজ করেছেন, সেসব এলাকায় হামলার ঘটনা বেশি ঘটছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে সারা দেশে হাজারের কাছাকাছি নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।’
হাতিয়ায় এক নেতার ওপর নৃশংস হামলার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন, হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় পাঠান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করে বিরোধী মত দমনে ব্যবহার করা হচ্ছে।
আসিফ মাহমুদ আরও বলেন, সাধারণ ভোটাররাও হামলার শিকার হচ্ছেন। শুধু ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, স্বর্ণালংকার ও অর্থ লুটের ঘটনাও ঘটছে।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের পূর্ণ সমর্থন না পেয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাতে গেছে এবং পুনর্বাসনের শর্তে ক্ষমতায় এসেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস চালু ও উদ্বোধনের ঘটনাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী।