তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই জনগণের সব চাওয়া-পাওয়া পূরণ করাই হবে সরকারের একমাত্র লক্ষ্য। গতকাল গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী-আগৈলঝাড়ার ভোটকেন্দ্রিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার একটি জনবান্ধব সরকার। কেউ সরকারের লোক হয়ে সাধারণ মানুষের ক্ষতির কারণ হবেন না। রাজনীতি কোনো পেশা হতে পারে না। আমরা রাজনীতি করেছি সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্য। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল হিসেবে গঠন করতে হবে। সরকারি দলের প্রচার-প্রচারণার জন্য গণমাধ্যমকে ব্যবহার না করে দেশের অভ্যন্তরীণ বিষয় জনগণের কাছে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের চাকরি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
এদিকে, নিজ নির্বাচনি এলাকা সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির সুফল প্রমাণিত। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।