আগামীতে স্থানীয় পর্যায়ের সব নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের ইফতার মাহফিলপূর্ব জাতীয় নির্বাচন-পরবর্তী আলোচনা সভায় এ ঘোষণা দেন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম। মো. আবদুর রহিম নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রবর্তনের প্রয়োজনীয়তা এবং স্থানীয় সরকার পর্যায়ের সব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে কৌশলগত বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আইনশৃঙ্খলার অবনতি, গণতান্ত্রিক চর্চার উন্নয়ন এবং স্বতন্ত্র প্রার্থীদের জনসম্পৃক্ত রাজনীতির প্রসারে করণীয় বিষয়ে মত প্রদান করেন। মো. আবদুর রহিম স্থানীয় নির্বাচনে আগ্রহীদের এখন থেকেই পরিষদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। এ সময় ডা. মো. শাখাওয়াত হোসেন, মো. জয়নুল আবেদিন, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হুসনেয়ারা বেগম, তাসলিমা বেগম, সাবিনা জাবেদ, মো. রাজিব উদ্দৌলা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।