সুন্দরবনে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে কোস্টগার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানার নারায়ণপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গতকাল এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতোমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ আফজালকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও জানান, আফজালের বাড়ি খুলনার কয়রায়। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।