গ্রামাঞ্চলের চরম দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামে মোতালেব ড্রাইভারের বাড়িতে পৌঁছান তিনি। ব্র্যাকের প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচজনের একটি দলের অভিজ্ঞতা শোনেন এবং কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মেয়ে ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাকের ইউপিজি কর্মসূচি দেশের চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের, ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। সম্পদ হস্তান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার উপকরণ প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ মডেল ইতোমধ্যে বহু নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
স্থানীয়দের মতে মাঠপর্যায়ে এমন সরাসরি পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় দারিদ্র?্যমোচন কর্মসূচি আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।