সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন। গতকাল উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে যৎসামান্য ইট উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন। এর আগে ইট লুটের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা থানায় মামলা করেন। জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কারকাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট সরিয়ে মাঠে রাখা হলেও পরবর্তী সময়ে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত বুধবার আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়া হয়েছে। অভিযোগের পর গতকাল উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইট লুটের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় প্রায় ৫ লাখ ৩০ হাজার ইট লুটের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৭-১৮ হাজার পিস ইট উদ্ধার হয়েছে।