প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামি করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরও দূরে রাখুন।’ গতকাল বিকালে রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সদস্যসচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এ সময় মহানগর ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না।’ তিনি বলেন, ‘আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে।’
আব্বাস বলেন, ‘আমার এলাকায় হারার ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আমার কথা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটি আজ জাতির সামনে আমার প্রশ্ন। আমি প্রমাণ করতে পারব আপনারা কারচুপি করেছেন।’