দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিপণিবিতান বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কমবেশি সারা বছরই ক্রেতার আনাগোনা থাকে। আর ঈদ উপলক্ষে শপিং মলটিতে গতকাল ছুটির দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেচাকেনায় সন্তুষ্ট দোকানিরাও। তাঁরা বলছেন, দেশির পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি পোশাকের চাহিদা সব সময় থাকেই এখানে। আর ছেলেদের চাহিদা সব সময়ই দেশিবিদেশি বাহারি পাঞ্জাবি। দেখা যায়, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত চলেছে কেনাকাটা। শপিং মলটিতে ঈদের পোশাক কিনতে ভিড় করছেন নানান বয়সি মানুষ। চাঁদরাত পর্যন্ত এখানে ভিড় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বসুন্ধরা শপিং মলে ক্রেতারা বলেন, পুরুষের ঈদের পোশাক হিসেবে বেশি পছন্দ কটনের পাঞ্জাবি। পুরুষের পাঞ্জাবি ৬০০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকায় মিলছে। তবে মাঝারি দামের দোকানগুলোতে ভিড় বেশি চোখে পড়েছে। উচ্চ দামের পোশাকের চাহিদা থাকলেও ক্রেতার সংখ্যা কম। দর্জিবাড়ির বিক্রয়কর্মী সুজন বলেন, ‘আমাদের এখানে লোকসমাগম বেশ ভালো। মানুষ ঈদের পোশাক কিনতে শুরু করেছে। ভিড় বাড়ছে দিনদিন।’
দেখা যায়, দুপুরের পর লোকসমাগম বাড়তে থাকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ইজি ফ্যাশনের ভিতরেও একই দৃশ্য দেখা যায়। বিক্রয়কর্মী বিপুল আহমেদ বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসবে, ভিড় তত বাড়তে থাকবে। ক্রেতাদের বিষয়টা মাথায় রেখে আমরা এবারও নিত্যনতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘আমাদের কোনো পণ্যের দাম বাড়েনি। এজন্য ক্রেতারাও আমাদের পণ্য কিনে খুশি।’ লুবনানের সেলসম্যান আশফাক হক রনি বলেন, ‘আমাদের মূলত শার্ট ও পাজামার কালেকশন। তবে কটনের পাঞ্জাবি ক্রেতারা বেশি পছন্দ করছেন।’ তিনি আরও বলেন, ‘এবার ভালো বিক্রি হচ্ছে শুরু থেকেই। ভিড় বাড়ছে প্রতিদিন। ঈদ যতই ঘনিয়ে আসবে, ভিড় ততই বাড়বে।’ কেনাকাটা করতে আসা তাকরিম মুশফিক বলেন, ‘আমি ঈদের সময় পরিবার নিয়ে কেনাকাটা করতে পছন্দ করি। পুরুষ সদস্যদের জন্য আজ পাঞ্জাবি কিনছি। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিপণিবিতান বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এক ছাদের নিচে সব রকম ব্র্যান্ড শপ পাওয়া যায় বলে ক্রেতাদের সুবিধা হয়।’ বসুন্ধরা সিটি শপিং মলে পাঞ্জাবির ব্র্যান্ড ইল্লিয়িনের শোরুমে নতুন পাঞ্জাবি কিনতে এসেছেন বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর আহমেদ। তিনি বলেন, ‘ঈদের দিন গরমে অল্পতে হাঁপিয়ে ওঠে অনেকেই। তাই পাঞ্জাবি বা শার্ট সবটাতে কটনই আমার পছন্দ।’ বসুন্ধরা সিটি শপিং মলে দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ইজি ফ্যাশন, আর্টিসান, টুয়েলভ, জেন্টল পার্ক, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, দর্জিবাড়ি, ইল্লিয়্যিন, ক্যাটস আই, এমব্রেলা, ফিট এলিগ্যান্স, রাইজ, র’নেশন, প্লাস পয়েন্ট প্রভৃতি ফ্যাশন ব্র্যান্ডের একাধিক শোরুম। সবকটিতেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো।