ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ, তাই জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। গতকাল বিকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ২৭০ মিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্রে জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়। তাই জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে বিএনপি সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের আস্থা অর্জন জরুরি এবং সরকার সেই লক্ষ্য নিয়েই ধাপে ধাপে কাজ করছে। তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। এ সময় তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।