পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যে ১৮ মার্চ নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ওই দিন তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ঈদের ছুটি মিলিয়ে টানা সাত দিন (১৭ থেকে ২৩ মার্চ) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল, বিক্রি এবং শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা প্রয়োজন।
এ কারণে পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার কিছু ব্যাংকের শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো অন্তর্ভুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।