দেশের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী জুনে চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবা জোরদারের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে এ কার্ড বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।’ গতকাল ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে মন্ত্রী এ তথ্য জানান। কর্মশালাটি আয়োজন করেছে আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে এটি একটি মৌলিক পরিচয়কাঠামো হিসেবে কাজ করবে, যা হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য সেবাপ্রতিষ্ঠানে তথ্য নিরাপদভাবে বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।’
সরদার মো. সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, বিএনপি সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড ইতোমধ্যে চালু হয়েছে। বাকি দুই উদ্যোগ হেলথ কার্ড ও ফারমারস কার্ড চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জুনের শেষ নাগাদ ই-হেলথ কার্ড কার্যক্রমে আসবে। কর্মশালার শেষ দিনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী অধিবেশনে হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) এবং শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।