পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা-বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা এখন নির্বাচিত সরকারে আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে নদী খাল দখলমুক্ত করব। তিনি বলেন, আমরা জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে দেশপ্রেমিক সরকার হিসেবে প্রতিষ্ঠা পেতে সবার সহযোগিতা চাই। গতকাল সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ্যানি আরও বলেন, বিভিন্ন স্থানে খাল-নদী দখল ও দূষণের ফলে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে ইরিগেশন ও সবজি আবাদে পানিশূন্যতায় বিপাকে পড়েন কৃষক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে এসব চিন্তায় খাল খনন করেছেন। কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি পেয়ে দেশের মানুষ সুফল পেয়েছেন। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করছি সবার সহযোগিতায় আমরা সফল হব।