বরিশালে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন নগরীর শীতলাখোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩১), মুন্সি গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মো. মঈন গাজী (৩২) ও বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মো. মেহেদী মানজুর (২৬)। কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম নাসিম বলেন, কয়েক দিন আগে নগরীর কাঞ্চন পার্কে হাঁটতে যান ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস। পার্কের প্রবেশপথে কিছু লোক জটলা তৈরি করে তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, অফিসের কাগজপত্র ও ৫০০ টাকা ছিল।
চোরচক্র ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরদিন ৯ মার্চ রাত ১২টার মধ্যে একটি ক্রেডিট কার্ড থেকে ১১ হাজার ৯৮৫ টাকা উত্তোলন করে। এ ছাড়া দুটি শোরুম থেকে কেনাকাটা করে। মোবাইল ফোনে মেসেজ পেয়ে শুভংকর বিশ্বাস অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ শপিং মল ও এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।