আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে রাজধানীর বছিলা লঞ্চঘাট ও কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করবে সরকার। ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ সার্ভিস চলবে। নৌপথে ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ উদ্যোগ নিয়েছে।
গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সদরঘাট নদীবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ কমানো এবং বিকল্প নৌপথে যাতায়াতের সুযোগ দিতে বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে এ বিশেষ সার্ভিস চালু করা হবে। ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বছিলা ঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিভিন্ন নৌপথে চলাচল করবে। ঘোষিত সূচি অনুযায়ী, বছিলা ঘাট থেকে সকালে হাকিমুদ্দিন, শরীয়তপুর ও চাঁদপুর রুটে লঞ্চ ছেড়ে যাবে। দুপুরে ইলিশা ও গলাচিপা এবং বিকালে আবার ইলিশা রুটে লঞ্চ চলাচল করবে। অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকালে দুটি লঞ্চ চাঁদপুর এবং একটি লঞ্চ বরিশাল রুটে চলাচল করবে। একইভাবে প্রতিদিন সন্ধ্যায় লঞ্চ দুটি বরিশাল থেকে শিমুলিয়ায় ফিরবে।
এ ছাড়া ঈদযাত্রায় যাত্রীসেবা বাড়াতে সদরঘাট নদীবন্দরে প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনে বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এ সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও দেওয়া হবে।