আর এক দিন পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী নাওয়া-খাওয়া ভুলে ছুটছেন ভোটারদের দ্বারে। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ, মিছিল-মিটিং ও প্রচার-প্রচারণাসহ দিন-রাত সমান তালে প্রার্থী এবং কর্মী সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নারীদের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, রেল যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতসহ বগুড়ার উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা। সব মিলিয়ে প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে সব প্রার্থীই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বেশি আলোচনায় রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলও কম না। তার পক্ষে ভোট চাইতে দলের কেন্দ্রীয় নেতারা বগুড়ায় ভিড় জমাচ্ছেন। বিএনপি-জামায়াত ছাড়াও এই আসনে লড়ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।
বগুড়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনে বিজয়ী হওয়ার পর, সংবিধান অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ স্বীকৃত। কিন্তু সেই গণভোটকে উপেক্ষা করছে সরকার। এ কারণে বগুড়া উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সরকারের প্রতি মানুষের আস্থা-অনাস্থার প্রতিফলন ঘটবে। বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়ার মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। বিএনপি সরকার গঠনের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
বগুড়ার প্রতি তারেক রহমানের বরাবরই সুনজর রয়েছে।