দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশের অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ৪০৩ জনকে আটক করা হয়। গতকাল নৌ-পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নৌ-পুলিশের তথ্যমতে, গত এক সপ্তাহে দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭৭৫ মিটার নিষিদ্ধ জাল, ৫ হাজার ১৭৭ কেজি মাছ, ৪ লাখ ১০ হাজার চিংড়ির রেণু এবং ৩০৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে নদী থেকে ৩৩৯টি ঝোপঝাড় অপসারণ করা হয়েছে, যা অবৈধ মাছ শিকারে ব্যবহৃত হচ্ছিল। অভিযানের অংশ হিসেবে বৈধ কাগজপত্র না থাকায় ৮১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে প্রসিকিউশন দায়ের এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়েছে।
নৌ-পুলিশ জানায়, সাত দিনে বিভিন্ন অপরাধে মোট ১০৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি, দুটি বালুমহাল, একটি মাদক, একটি চুরি, একটি বিশেষ ক্ষমতা আইন, একটি দস্যুতা এবং দুটি হত্যা মামলা।