রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন পল্টনে জুবায়ের আহামেদ (২২), বিমানবন্দর রেলস্টেশনে শ্রী স্বপন কুমার সরকার (৫৫), রমনা কালীমন্দিরে হাবিব (৩০), যাত্রাবাড়ীতে অজ্ঞাত এক যুবক (২৫) ও মো. হাসান আলী (৬১) নামে এক কয়েদি। গতকাল ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
পল্টন থানার এসআই জাহিদ হাসান নীরব জানান, পুরানা পল্টন লেন নুরুল টাওয়ারের সাত তলা ভবনের ছাদের ওপর থেকে জুবায়েরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দরিয়াপুর গ্রামের আবদুস সামাদের ছেলে জুবায়ের জমজম স্পিনিং মিলস লিমিটেডের বাবুর্চির কাজ করতেন। থাকতেন রনক গ্রুপের এমডির গুলশানের বাসায়। প্রতিদিন এমডির সঙ্গে পল্টনে চলে আসতেন, সেখানে রান্নাবান্না শেষ করে আবার এমডির সঙ্গে চলে যেতেন। গতকাল দুপুরে রান্না করার সময় স্ত্রী তিশা আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এরই মধ্যে মনোমালিন্য হলে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, গত বুধবার রাতে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ পাশে রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান স্বপন কুমার। তিনি বগুড়ার সোনাতলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে।
শাহবাগ থানার এসআই অহিদুজ্জামান জানান, গতকাল বেলা ১১টার দিকে রমনা কালীমন্দিরসংলগ্ন পুকুর পাড় থেকে হাবিব (৩০) নামে এক ভাসমান যুবকের লাশ উদ্ধার করা হয়। বরিশালের কাজিরহাট আন্দার মানিক গ্রামের মৃত শামছুল হকের ছেলে তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই মো. ইরফান জানান, বুধবার রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি পাম্পের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এদিকে গতকাল সকালে ঢামেক হাসপাতালে মো. হাসান আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি তেজগাঁও স্টেশন রোড এলাকায়। বাবার নাম মৃত মোসলেম উদ্দিন।