যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ১৪টি চুক্তি করেছে-যা দেশের জনগণের স্বার্থবিরোধী। নির্বাচনের মাত্র তিন দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির ভিতর দিয়ে ড. ইউনূস দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গেছেন। তিনি মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করতেই ক্ষমতায় বসেছিলেন।
গতকাল রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে আমাদের কৌশলগত সম্পদ বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করেছে। ড. ইউনূস ক্ষমতায় তাঁর প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতেই মূলত ১৮ মাস সময় নিয়েছেন। আর যাওয়ার আগে দেশের জনগণকে সাম্রাজ্যবাদের অধীনস্থ কওে গেছেন। এ দেশের সাধারণ মানুষের জীবন বিষিয়ে দেবে এ বাণিজ্য চুক্তি। এই গোলামির চুক্তি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা সরকারকে অবিলম্বে এই বাণিজ্য চুক্তিসহ সব গোপন ও অসম চুক্তি বাতিল করার আহ্বান জানাই।