আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৩ লাখ বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সৃজনী বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসক বলেন, ‘জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি একটি জন আন্দোলনে রূপান্তর করতে হবে।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে ৩ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।