ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধন কেন্দ্র করে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কালামপুর বাসস্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, মার্কেটের তৃতীয় তলায় ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এ সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কমিটির বিরোধিতা শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। তাঁদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, ‘কিছু দালাল যারা জুলাই পুঁজি করে ব্যবসা করছে, তারা এ হামলা চালিয়েছে। কমিটি আত্মপ্রকাশ হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই এ হামলা চালিয়েছে।’
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।