বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।’ গতকাল সকালে মহানগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকের বিক্রয়কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। সিন্ডিকেটপ্রথা ভাঙতেই কৃষক এ হাটে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
হাটের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমদানিনির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইন (সরবরাহব্যবস্থা) এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।’