চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরে আনা হচ্ছে- এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।