আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ ছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রাজধানীর গুলশানে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত হয়। স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রেসিডিয়ামের সদস্যরা উপস্থিত ছিলেন।