প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল প্রথমবারের মতো বগুড়া সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর। তাঁর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এলাকাবাসীর দাবি, প্রধানমন্ত্রী তাদের ঘরের ছেলে। তাই তারা খুশি ও আনন্দিত। জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে গোটা শহর। যেন নতুন রূপ পেয়েছে বগুড়া।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়ক পথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর বেলা ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন এবং ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভায় উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। পৌনে ১টায় বাগবাড়ীতে উপস্থিত হয়ে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।