‘কী অপরাধ ছিল বগুড়াবাসীর’ এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। ২০২৪ সালের ২ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় সংবাদটি প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। বগুড়া বিএনপির ঘাঁটি বলে প্রতিহিংসায় সব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় গত ১৭ বছরে দৃশ্যত কোনো উন্নয়ন করা হয়নি এ জেলায়। বরং বগুড়ার নাম নিয়ে করা হয়েছে তিরস্কার। আর এর প্রভাব পড়েছে গোটা উত্তরবঙ্গে। হয়নি কোনো উন্নয়ন। উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত বগুড়ার উন্নয়নে অনীহার নেপথ্যে ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা। দেড় দশক উন্নয়নবঞ্চিত বগুড়া তথা উত্তরবঙ্গবাসী। এবার উন্নয়নের বিভিন্ন দাবি তুলেছেন তারা। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নবঞ্চিত এ জেলার উন্নয়নের তালিকা তুলে দেবেন বগুড়াবাসীর হাতে। তিনি প্রায় দেড় শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করবেন। সিটি করপোরেশন ঘোষণার মধ্য দিয়ে সব উন্নয়নের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, তিনি আজ ঢাকার নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন। জানা গেছে, ব্রিটিশ আমলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভা গঠন করা হয়। সে সময় পৌরসভার আয়তন ছিল ১.১২ বর্গমাইল। আর জনসংখ্যা ছিল ৭ হাজার। বগুড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান ব্রিটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। সর্বশেষ চেয়ারম্যান ছিলেন প্রবীণ আইনজীবী এ কে এম মাহবুবর রহমান। আর সর্বশেষ মেয়র ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা।
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, শিগগিরই বগুড়া অংশ থেকে রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করা হবে। আগামী বছরের মধ্যে দৃশ্যত এ রেলপথের কাজ দ্রুতগতিতে সমাপ্ত হবে। এর আগে ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে রেলপথ নির্মাণে পরিকল্পনা নেওয়া হয়। ২০১৭ সালে প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকার সেটি বাস্তবায়ন করেনি। রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমে আসবে।
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় : বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় বগুড়াবাসী; যা এখন বাস্তবায়নের পথে। আগে থেকেই একটি বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও জেলার ক্রমবর্ধমান জনসংখ্যা, শিক্ষার্থীসংখ্যা এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জোরালো হয়। আজ তারই ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিকভাবে বিমানবন্দর : বগুড়া বিমানবন্দর চালুর সবুজ ফিতা বন্দি হয়ে আছে লাল ফাইলে। নির্মাণের ২৮ বছর পেরিয়ে গেলেও উড়ছে না কোনো বিমান। যাত্রী, একাধিক ফোরস্টার হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র, চিকিৎসাকেন্দ্রসহ বাণিজ্যিকভাবে সকল প্রকার সম্ভাবনা থাকার পরও বিমান ওড়ার কোনো খবর নেই। বিএনপি সরকারের কাছে বগুড়াবাসী বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করার দাবি জানিয়েছেন।
করতোয়া নদী পাবে প্রাণ : দুই দশক আগেও করতোয়া নদী ছিল উত্তাল। পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত এ নদীর উপকারভোগী। কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদীর খুলশি এলাকায় বাঁধ নির্মাণ করে প্রবাহ বন্ধ করায় যৌবন নেই নদীটির। এক বাঁধই কাল হয়ে গেছে করতোয়া নদীর। নদীর উৎসমুখে প্রবাহ না থাকায় এখন মৃত। অপরিচ্ছন্ন ও বড়সড় নর্দমার এ নদী এখন জীবাণু বহন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি করতোয়া নদী পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ প্রকল্পের মাধ্যমে ব্যস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
শহীদ চান্দু স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ : বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়নকাজ শুরু করছে বিএনপি সরকার। এ স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘ ১৭ বছর এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
আরও ঘোষণা : বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল আরও আধুনিকায়ন করা, দ্বিতীয় বিসিক শিল্পনগরী, সবজি হিমাগার, কমপক্ষে চারটি সরকারি উচ্চবিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, যমুনা নদীতে ট্যুরিস্ট স্পট নির্মাণ, সার কারখানা স্থাপন, শহরের যানজট নিরসন, কাঁচা সড়ক পাকাকরণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ বঞ্চিত হিসেবে চাকরির ব্যবস্থা গ্রহণ, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সহজ শর্তে সরকারি ঋণ প্রদানের দাবি বগুড়াবাসীর।