সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি মুলতবি করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল আবেদন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রিট শুনানি মুলতবি রেখেছেন আদালত। তবে মামলাটি কার্যতালিকায় থাকবে বলে জানিয়েছেন হাই কোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে রিটটি করেন। রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ বলেছে আগামীকালের (আজ) মধ্যে আপিল করবেন। আদালতের প্রত্যাশা ইন দ্য মিন টাইম (ইতোমধ্যে) সচিবালয়ের যে স্থাপনা আছে সেগুলোকে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে যেন সরিয়ে ফেলা না হয়। অ্যাটর্নি জেনারেল বলেছেন তিনি আদালতের প্রত্যাশা শুনেছেন এবং এটি কনভে (জানাবেন) করবেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতে বলেছি আগের মামলা যেহেতু আপিল বিভাগে আপিল দায়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে সুতরাং ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটার শুনানি সমীচীন হবে কি না। আমরা শিগগিরই আপিল করব। এর আগে সাত আইনজীবীর করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে রায় দেন হাই কোর্ট। চলতি মাসের ৭ তারিখে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। হাই কোর্টের রায় ঘোষণার পর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে গত বছরের ৩০ নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রশ্নে বদিউল আলম মজুমদারের আপিল : সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্যক্রম অধ্যাদেশ রহিতকরণের আগ পর্যন্ত যে অবস্থায় ছিল, সে অবস্থায় স্থিতাবস্থা জারির আর্জি জানিয়ে আপিল করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আর এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থিতাবস্থা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশসংক্রান্ত হাই কোর্টের রায়ের সূত্র ধরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল আপিলটি করা হয় বলে জানান বদিউল আলম মজুমদারের আইনজীবী কারিশমা জাহান।