জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন ব্যক্তিরা যে দলেরই হোক, তারা চাইলে এনসিপির হয়ে নির্বাচন করতে পারবেন। গতকাল এনসিপির অস্থায়ী কার্যালয় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের স্থানীয় নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এনসিপি। এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। আজকে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি। এ তালিকায় জুলাই আন্দোলনের প্রতিনিধি, শ্রমিক ও নারী শক্তি থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। যোগ্যদের প্রার্থিতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে জোট নয়, এককভাবে নির্বাচনে যাবে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব আবদুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।