অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) দুর্নীতিবাজ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়েছে এসডিএফ কর্মচারী পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এসডিএফ কর্মচারী পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মীরা জানান, বর্তমান প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাংকের সঙ্গে এসডিএফ-এর দীর্ঘ ২৫ বছরের সুসম্পর্ক এখন হুমকির মুখে। ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মীদেও মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত থাকলেও হঠাৎ করে চলতি মাসে প্রকল্প সমাপ্তির ঘোষণা আসায় শত শত কর্মী বেকার হওয়ার উপক্রম। এ ছাড়া দক্ষ কর্মীদের সুযোগ না দিয়ে আর্থিক বিনিময়ে নতুন লোক নিয়োগ এবং সিন্ডিকেটের মাধ্যমে কর্মকর্তাদের অন্যায্য বদলি ও শোকজ করে পদত্যাগে বাধ্য করার অভিযোগও উঠেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে চেয়ারম্যান ও এমডির পদত্যাগ ছাড়া আমাদের আর কোনো পথ নেই।
সবচেয়ে বড় অনিয়মের অভিযোগ উঠেছে সংস্থার চলমান ‘আরইএলআই’ প্রকল্পের ৩ হাজার ২০০ গ্রাম সমিতির জন্য ল্যাপটপ ক্রয় নিয়ে। নিয়ম না মেনে চেয়ারম্যান ও এমডির যোগসাজশে নিম্নমানের ল্যাপটপ সরবরাহ করা হয়েছে। এতে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে কর্মচারী পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসডিএফের অপরারেশন ডিরেক্টর লুৎফর রহমান, জেনারেল ম্যানেজার ফৌজিয়া তৌহিদ, আঞ্চলিক পরিচালক মীম জুলফিকার, মহাব্যবস্থাপক শহিদুল্লাহ প্রমুখ।