দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় কার্যক্রম শুরু করেছে। কিন্তু বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পক্ষান্তরে একই সময়ে বন্দরে স্থানীয় কিছু চিহ্নিত মাদককারবারিকে অবাধ যাতায়াত করতে দেখা যায়। এ ঘটনায় বন্দরের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকরা বন্দরের কর্মকর্তা জি এম জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বন্দরে কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া যাবে না। এর আগে গতকাল বিকাল ৪টার দিকে কক্সবাজার জেলা সদর ও টেকনাফ উপজেলায় কর্মরত একদল সাংবাদিক দীর্ঘদিন পর চালু হওয়া টেকনাফ স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বন্দরে প্রবেশের অনুমতি চান। কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা জি এম জসিম উদ্দিন তাদের প্রবেশের অনুমতি দেননি।
সাংবাদিকদের দাবি, তথ্য সংগ্রহে অনুমতি না মিললেও তাদের সামনেই কয়েকজন চিহ্নিত মাদক কারবারি অনায়াসে বন্দরে প্রবেশ ও বের হতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের জন্ম নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, টেকনাফ স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশনীতি ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক।