জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেছেন, দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করছে জনতার দল। দলটি এরই মধ্যে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। নাগরিকরা যেন তাদের অধিকার ফিরে পায়, সেজন্য তাদের ঐক্যবদ্ধ করছি আমরা।
তিনি গতকাল বিকালে জনতার দলের চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় মহাসমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান। আজম খান বলেন, আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামে সড়কের একটি বড় অংশ হকারদের দখলে। হকারদের কীভাবে পুনর্বাসিত করা হবে, তাদের কীভাবে সিস্টেমের আওতায় আনা হবে, চাঁদাবাজিটা কীভাবে নিয়ন্ত্রণে আনা হবে, সে বিষয়ে সিটি করপোরেশনসহ প্রশাসনের সর্বোচ্চ যারা আছেন তারা সমন্বয় করবেন।