তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি। দেশের অডিওভিজ্যুয়ালের ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। গতকাল রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দিতে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।