স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা থানা পুলিশ থেকে ডিবিতে স্থানান্তর হয়েছে।
গতকাল ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ১৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। এদিকে গতকাল মামলার প্রতিবেদন আদালতে জমার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মো. কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।
গত ১ মার্চ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলার অপর আসামি হলেন, আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।