জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার ছাত্রীকে উদ্দেশ করে অশালীন অঙ্গভঙ্গি ও উত্ত্যক্ত করায় পৃথক তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে তাদের সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই শফিউল আলম সোহাগ।
তিনি বলেন, ক্যাম্পাসের ইসলামনগর গেট এলাকায় ছাত্রীকে উত্ত্যক্ত ও অশালীন কথা বলার অভিযোগে একজন এবং নতুন কলাভবন এলাকায় ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে আরেকজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে অনুমতি ছাড়া আন্দোলনরত ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ তিন ঘটনা এবং ক্যাম্পাসে সম্প্রতি ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ছাত্রীদের সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনায় জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।