ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিসেবায় দুর্নীতি, হয়রানি ও মামলাজট কমাতে জবাবদিহি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে সেবা ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে পর্যন্ত তা চলবে। ঢাকায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। এই মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থা বদলাতে চায়।