ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীদের নানা ইস্যুতে দুর্বল জনসাধারণের ওপর সবলদের নির্যাতন বন্ধ এবং ধর্মের নামে সহিংসতা বন্ধ ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনে ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান তিনি।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, চীনের উইঘুর, ফিলিস্তিন ও মিয়ানমার ইত্যাদি দেশেও মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চলছে। সব প্রকার নির্যাতনের অবসান ঘটাতে হলে বিশ্বের মানুষকে ইসলামের মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন ও মো. নুরুদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর-কালভার্ট রোড, ফকিরাপুল ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়।