বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি (এফআইসিসিআই)। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি রুপালী চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আগামী বাজেট প্রসঙ্গে মতবিনিময় করেন। সে সভায় তারা এ দাবি জানান। সভায় আসছে বাজেটে বিদেশি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করার দাবি জানানো হয়। এ সময় দেশের বিনিয়োগ পরিস্থিতি, বর্তমান বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক সংস্কার ও চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী বাজেটে পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রুপালী চৌধুরী।
পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এফআইসিসিআইর পক্ষ থেকে।
ব্যবসা-বিনিয়োগের ক্ষেত্রে ঘন ঘন নীতির পরির্বতন না করে একটি দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়। এজন্য করকাঠামো ও করনীতিকে আরও সহজ করার দাবি জানান ব্যবসায়ী নেতারা। সহজ করনীতি ও করকাঠামো বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। তাদের এসব কথা শোনার পর বাজেটে তার প্রতিফলন ঘটনোর আশ্বাস দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।