দেশের পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে নতুন উদ্যোগ নিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে নারী পেইন্টারদের জন্য গড়ে তোলা হচ্ছে একটি সমন্বিত সহায়ক ব্যবস্থা। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল সংযোগ, আর্থিক সুবিধা ও স্বাস্থ্যসেবা।
সংশ্লিষ্টরা বলছেন, নারীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি এবং প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট-এর মাধ্যমে নারী পেইন্টারদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা পেশাদারভাবে রং করার কাজ শেখার পাশাপাশি কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বার্জারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস-এ নারী পেইন্টারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। যাতে দীর্ঘদিন ধরে পুরুষ প্রাধান্য থাকা এই পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ে।
এ উদ্যোগকে আরও শক্তিশালী করতে বাংলালিংক নারী পেইন্টারদের জন্য বিভিন্ন ডিজিটাল সুবিধা চালু করেছে। প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হবে একটি করে বাংলালিংক সিম, যা তারা নিজেদের ব্যাবসায়িক যোগাযোগ নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটের মাধ্যমে সেবা নিতে আগ্রহী গ্রাহকেরা সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়া ইএমআই সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগও থাকছে। এই ক্ষেত্রে প্রাথমিক ডাউন পেমেন্ট দেবে বাংলালিংক। এর ফলে নারী পেইন্টাররা অনলাইনে নতুন দক্ষতা শেখার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে নিজেদের সেবার প্রচার করতে পারবেন।
অংশগ্রহণকারীদের জন্য বাড়তি আয়ের সুযোগও রাখা হয়েছে। তাদের বিএল পাওয়ার অ্যাপে এজেন্ট হিসেবে যুক্ত করা হবে। এর মাধ্যমে তারা মোবাইল রিচার্জ সেবা দিয়ে কমিশন আয় করতে পারবেন। ফলে পেইন্টিংয়ের কাজের পাশাপাশি তাদের জন্য অতিরিক্ত আয়ের একটি পথ তৈরি হবে।
নারী পেইন্টারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও এই উদ্যোগে গুরুত্ব পেয়েছে। ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লিনিকলের সহযোগিতায় তারা মাইবিএল অ্যাপ-এর মাধ্যমে এক বছরের জন্য আনলিমিটেড ডাক্তারের পরামর্শ পাবেন। পাশাপাশি সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধাও থাকবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা যাবে। এছাড়া জীবনবিমা সুবিধাও দেওয়া হবে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘বাংলালিংক সব সময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস করি, ডিজিটাল অন্তর্ভুক্তি নারীদের জন্য স্বাধীন ও টেকসই জীবিকার নতুন পথ খুলে দিতে পারে। এই অংশীদারিত্বের মাধ্যমে সংযোগ, ডিজিটাল সরঞ্জাম, আয়ের সুযোগ ও স্বাস্থ্যসেবা নিয়ে আমরা অগ্রগামী নারীদের পাশে থাকতে চাই। এতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন।’
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বাংলাদেশের পেইন্টিং শিল্পে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বার্জার সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগ সেই যাত্রার আরেকটি ধাপ। বার্জার এক্সপেরিয়েন্স জোন আউটলেটের মাধ্যমে নারী পেইন্টারদের ‘এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস’ চালুর ফলে দক্ষ নারীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে গ্রাহকেরাও আরও স্বাচ্ছন্দ্য ও আস্থার সঙ্গে সেবা নিতে পারবেন। এই উদ্যোগ আরও শক্তিশালী করতে এবং এসব পেশাজীবীদের মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পাশে থাকায় বাংলালিংকের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।’’
বিডি-প্রতিদিন/এমই