দেশের বৃহত্তম আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘এসএমসি প্লাস (ইডব্লিউইউ) উইন্টার স্ম্যাশ ২০২৬’-এর ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৪ এপ্রিল) ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব ও টাইটেল স্পন্সর এসএমসি প্লাস-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটির দশম বার্ষিকী সংস্করণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিএফও জনাব আবুল বশির খান, মার্কেটিং ম্যানেজার এএম রাজিবুল ইসলাম এবং ব্র্যান্ড ম্যানেজার মো. ইসমাইল হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের মডারেটর ড. মো. মোবারক হোসেন খান ও আবদুর রহমান সুমন এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ইসমত শেরিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা ও ক্রীড়াসুলভ ঐক্যের প্রতীক হিসেবে ট্রফি উন্মোচনকালে অতিথিরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সর্বাঙ্গীণ গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে মাঠের লড়াইয়ের ভূমিকার প্রশংসা করেন এবং টুর্নামেন্টের ১০ বছরের সফল পথচলায় আয়োজকদের অভিনন্দন জানান। অন্যদিকে, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও তসলিম উদ্দিন খান তরুণদের সক্রিয় জীবনধারা নিশ্চিতে এসএমসি প্লাসের নিরন্তর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
উদ্বোধনী আয়োজনকে আরও রঙিন করে তুলতে সন্ধ্যায় ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড বাগধারা, আর্ক এবং হাইওয়ের দুর্দান্ত সংগীত পরিবেশনা দর্শকদের মোহিত করে এবং পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর আবহ তৈরি করে। এক দশকের এই বিশেষ উদযাপনের মধ্য দিয়ে শুরু হওয়া ‘এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ ২০২৬’ টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ও উত্তেজনাপূর্ণ আসর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।