সারাদেশে প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে পরিচালিত প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর আঞ্চলিক পর্ব এবার অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। আগামী ৮ ও ৯ মে নগরীর বিভিন্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ৮ মে ধানমন্ডি থানার একাংশ (ধানমন্ডি, জিগাতলা, রায়ের বাজার, শেরে বাংলা রোড) ও হাজারীবাগ থানার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁও এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত পর্বে। এছাড়া রমনা, হাতিরঝিল ও তেজগাঁও এলাকার প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে।
পরদিন ৯ মে মিরপুর (মিরপুর-১১, ১২, পুরবী, পলাশনগর, বাউনিয়া, রূপনগর ও মিরপুর ডিওএইচএস) এবং পল্লবী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজন হবে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। একই দিনে উত্তরা পশ্চিম (সেক্টর ৯-১২ ও কামারপাড়া) ও তুরাগ এলাকার প্রতিষ্ঠানগুলো অংশ নেবে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে। পাশাপাশি তেজগাঁও, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল ও শেরেবাংলা নগর এলাকার শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
আয়োজকরা জানান, আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘মার্কস অল রাউন্ডার’-এর অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ০৯৬১৪-৫১৬১৭১ নম্বরে কল করেও তথ্য জানা যাবে।
বিডি প্রতিদিন/এম.এস