পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট এবং বার্মিজ লুঙিসহ ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। রাত ১২টায় অন্য একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১২০০ পিস বার্মিজ লুঙিসহ আটক করা হয় মিয়ানমারের ১১ জন। জব্দ মালামাল, পাচারে ব্যবহৃত বোট ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।