রেহেনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। আরিফ ঝালকাঠির রাজাপুর উপজেলার চটিখোলার মান্নান খলিফার ছেলে। রেহেনার বাড়ি একই উপজেলার সাংগর গ্রামে। আরিফ ঢাকার কেরানীগঞ্জে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন এবং স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সংসারে কলহ চলছিল বলে অভিযোগ পরিবারের। রেহেনার বাবা শহিদ ও ভাই সাব্বির জানান, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যার পর অসুস্থতার নাটক সাজানো হয়েছে। গতকাল ভোরে লাশ সাংগর গ্রামে নিয়ে আসার পর পরিবার তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।