পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সুমন সরকার (৩৫) এবং রাধানগর মক্তব এলাকার মামুন (৩২)। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে নিহতদের পরিবারের দাবি, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে। গতকাল সকালেই সুমনের লাশ দাহ করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২টা এবং অন্যজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে স্বজনরা নিয়ে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়।