হবিগঞ্জে শত শত গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে গেছে ক্যাথলিক সোশ্যাল সার্ভিস সোসাইটি (সিএসএসএস) নামে একটি বেসরকারি সংস্থা। গ্রাহকদের নানা প্রভোলনের পর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে অফিস বন্ধ করে এখন লাপাত্তা কর্মকর্তারা। গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের মোহনপুরে এনজিওর অফিসে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। সেখানে জড়ো হন শত শত গ্রাহক। সর্বস্ব হারিয়ে অনেকে কেদে ফেলেন। তাদের দাবি দ্রুত কর্মকর্তাদের আইনের আওতায় এনে টাকা উদ্ধার করা।
এ বিষয়ে জানতে ক্যাথলিক সোশ্যাল সার্ভিস সোসাইটির ম্যানেজার জসিম উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে সংযোগ বন্ধ পাওয়া যায়। হবিগঞ্জ সদর থানার ওসি দোলোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকরা জানান, কয়েক মাস ধরে হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকা চষে বেড়িয়েছে ‘ক্যাথলিক সোশ্যাল সার্ভিস সোসাইটি’ নামের প্রতিষ্ঠানের লোকজন। তারা সহজসরল মানুষদের টার্গেট করে দেন ক্ষুদ্র ঋণ ও লোন দেওয়াসহ নানা প্রলোভন। প্রলুব্ধ হন শত শত মানুষ।
গ্রাহকদের কাছ থেকে প্রথমে লাখে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তরা। এ ছাড়া বই দেওয়ার নাম করে প্রতি বইয়ে আরও ১১০০ টাকা নেওয়া হয়। এভাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। রবিবার লোনের টাকা আনতে অফিসে যান গ্রাহকরা। গিয়ে দেখেন অফিস তালাবদ্ধ নেই কোনো কর্মকর্তা বা কর্মচারী। এ ঘটনায় দুই কর্মকর্তাকে অভিযুক্ত করে রুমা খাতুন নামে এক ভুক্তভোগী সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। বিবাদীরা হলো- প্রতিষ্ঠানের এমডি এবং সিইও এসএম আবু তাহের মজুমদার এবং ম্যানেজার জসিম উদ্দিন।