বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত নেতা-কর্মী। ইউনিয়ন জামায়াত আমির গতকাল এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা মিলনায়তনে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী ও সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যদের ফুল দিয়ে বরণ করে নেয় জামায়াত। নূর ইসলাম পাটোয়ারী বলেন, বিএনপিতে থাকাকালে বহু লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি, হানাহানি ও বিচার নিয়ে অতিষ্ঠ হয়েছি। সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিলে বলে, তোরা কে? তোরা দিনে বিএনপি রাতে জামায়াত করিস ইত্যাদি বলে অপমান করে। তাই সঙ্গীদের নিয়ে জামায়াতে যোগদান করেছি। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, যারা যোগ দিয়েছেন, তারা আগে জামায়াত করেছেন। পরে আওয়ামী লীগে গিয়েছিলেন। আবার জামায়াতে যোগ দিয়েছেন।