১৬ ডিসেম্বর বিজয় দিবস ঘিরে বগুড়ায় ফুল বিক্রির ধুম পড়েছে। বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধাসরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অগ্রিম অর্ডার। দিবস ঘিরে জেলায় অর্ধকোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের আগেই অর্ডার অনুযায়ী ফুল বুঝিয়ে দিতে দোকানে দোকানে চলছে ব্যস্ততা।
জানা যায়, প্রতি বছর বিজয় দিবস, বড়দিন, খ্রিস্টীয় নববর্ষ, বসন্তবরণ উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবস টার্গেট করে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়। এবার ১৬ ডিসেম্বর ঘিরে ব্যবসায়ীরা অর্ধকোটি টাকার ফুল বিক্রির আশা করছেন।
বগুড়া ফুল মার্কেটের ব্যবসায়ীরা জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৭টি দোকানে রয়েছে ফুলের সমাহার। লাখ টাকার ওপরে সবাই ফুল কিনেছেন। ৫০০ থেকে শুরু করে ২ হাজার টাকা মূল্যের ফুলের মালা তৈরি করা হচ্ছে। দোকানগুলোয় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম ফুল।