নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে এসে নির্যাতিত সাবেক শিবির নেতা ও জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের মবের মুখে পড়েছিলেন জেলা পুলিশের সাবেক এক কর্মকর্তা। এ সময় তিনি কোনোরকমে দৌড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় আশ্রয় নেন। এ সময় বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাবেক ওসি মঞ্জুর কাদের বর্তমানে অবসরে আছেন। তিনি কোনো কাজে জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। এর মধ্যে কিছু লোক তাকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পেয়ে মব জাস্টিস করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে গিয়ে প্রতিবাদ করি এবং মঞ্জুর কাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মব জাস্টিস করা যাবে না। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মামলা করে বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আমি ও আমার মামাতো ভাই গ্রেপ্তার হই। আমাকে ও আমার মামাতো ভাইকে ওসি মঞ্জুর কাদের তার রুমে নিয়ে এক ঘণ্টা পিটিয়েছে। তারপর তিন দিন গুম রাখছে। আমার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকাও নেয়। সেই মঞ্জুর কাদেরকে ডিসি অফিসের নিচে দেখতে পাই। তখন তাকে আটকানোর চেষ্টা করি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে দৌড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় লুকায়। সেখানে গিয়ে তাকে পেলেও বিএনপিপন্থি কয়েকজন সিনিয়র আইনজীবী তাকে ছাড়িয়ে নিয়ে যান এবং পরে পালিয়ে যেতে সহযোগিতা করেন।